সিলেটে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অবিলম্বে গুম প্রতিরোধ আইন জাতীয় সংসদে পাশ করার দাবি জানিয়েছেন।
শনিবার দুপুরে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে সিলেট প্রেসক্লাবের সামনে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রীয় নিপীড়নের অংশ হিসেবে গুমকে ব্যবহার করেছে। গুমের শিকার যেসব ব্যক্তি ফিরে আসেননি তাদের পরিবার আজ চরম অনিশ্চয়তায় জীবন পার করছেন।
বক্তারা বলেন, গুম মানবাধিকারের চরম লংঘন। গুমের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সাথে ভুক্তভোগীদের ন্যায় বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে অধিকারের পক্ষ থেকে সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।
এতে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর একান্ত সহকারী মো:ময়নুল হক,নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বোন তাহসিন শারমিন তামান্না, যুক্তরাজ্য বিএনপির ওল্ডহাম রিজিওনের সভাপতি মো. জামাল উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ¦ মাওলানা এমরান আলম, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি তাজুল ইসলাম হাসান, বিশ্বনাথের রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী খসরুজ্জামান খসরু ও দৈনিক সংগ্রামের সিলেট বুরে্যা প্রধান কবির আহমদ।
অধিকারের সিলেট এইচআরডি আনাস হাবিব কলিন্সের সভাপতিত্বে ও এইচআরডি ফায়যুর রাহমানের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন দৈনিক এশিয়া পোস্টের সিলেট ব্যুরো প্রধান শুয়াইবুল ইসলাম, আয়কর আইনজীবী রুজেল আহমদ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট জেলার প্রচার সম্পাদক আব্দুল বাছিত মিলন, সনাতন কল্যাণ সোসাইটির এয়ারপোর্ট থানা সভাপতি জয়ন্তী বালা দেবী, শিক্ষানবিশ আইনজীবী কয়েস আহমদ প্রমুখ।



