ডেমরায় জহির স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রমিক

রাজধানীর ডেমরার বাসেরপুল এলাকায় অবস্থিত জহির স্টিল মিলে লোহা গলানোর সময় ভাট্টি বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে দুইজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (৩১ মে) সকাল সাড়ে ৭টার দিকে ডেমরা থানাধীন জহির স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন- সাব্বির হোসেন (২৪), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫০)।

সহকর্মী সাইদুল ও আল-আমিন জানান, স্টিল মিলের ভাট্টিতে ভাঙারি লোহা গলানোর কাজ চলছিল। এ সময় হঠাৎ ভাট্টিতে বিস্ফোরণ ঘটে এবং গলিত লোহা ও আগুনের তাপ ছিটকে শ্রমিকদের শরীরে পড়ে। এতে তিনজন শ্রমিক দগ্ধ হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে সকাল ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ অবস্থায় তিন শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে সাব্বির হোসেনের শরীরের ৩৫ শতাংশ এবং তোফাজ্জল হোসেনের শরীরের ২৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অন্যদিকে মাজেদ হোসেনের শরীরের প্রায় ১ শতাংশ দগ্ধ হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে সাব্বির ও তোফাজ্জল জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থার ওপর চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণ রাখছেন।

ঘটনার পর স্টিল মিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ভাট্টিতে লোহা গলানোর সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments