বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসংলগ্ন রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি শুরু হয়।
শহীদ জিয়াকে স্মরণ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর ১৬টি স্থানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়।
প্রধানমন্ত্রী একে একে সবগুলো স্থানে উপস্থিত হয়ে এ কার্যক্রমে অংশ নেন। এর মধ্যে ছিল মানিক মিয়া অ্যাভিনিউ, শ্যামলী স্কয়ার, সরকারি বাংলা কলেজ এলাকা, পল্লবী মেট্রো স্টেশন, ইসিবি চত্বর, কুড়িল বিশ্বরোড, ফুজি ট্রেড সেন্টার, জোড়পুকুর খেলার মাঠ, বাংলাবাজার, যাত্রাবাড়ী, জুরাইন ও ধানমন্ডি এলাকা।
এ ছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত পৃথক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করেন।
বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের মানুষের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি শুরু করেছিলেন।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশ গঠনের দায়িত্ব দিয়েছে। বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। কাজেই জনগণের সহযোগিতা, সমর্থন ও আস্থা আমাদের সঙ্গে থাকলে ইনশাআল্লাহ আমরা দ্রুতই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হব।



