সড়কবাতির প্রযুক্তি দেখতে রাসিক প্রশাসক ফ্রান্স যাচ্ছেন

সড়কবাতির নতুন প্রযুক্তি দেখতে ও জ্ঞান আহরণের উদ্দেশ্যে ১১ দিনের জন্য ফ্রান্স সফরে যাচ্ছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তার সঙ্গে থাকবেন রাসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট। আগামী ২০ থেকে ৩০ জুন পর্যন্ত তারা ফ্রান্সে অবস্থান করবেন।

এ বিষয়ে অনুমতি চেয়ে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম গত ১২ মে স্থানীয় সরকার বিভাগের সচিবের বরাবরে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, ‘সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে রাসিকের প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী ফ্রান্স সফরে যাবেন।’ চিঠিতে আরও বলা হয়েছে, ‘সফরকালে তারা সিগনিফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন (ওলাক) সেন্টার পরিদর্শন করবেন। সেখানে সড়কবাতির আধুনিক ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে সরাসরি জ্ঞান আহরণ করবেন।’

স্থানীয় সরকার বিভাগে সরকারি আদেশ (জিও) জারির জন্য পাঠানো চিঠিতে সূত্র হিসেবে সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণপত্রের উল্লেখ রয়েছে। এছাড়া সফরের ব্যয়ভার প্রতিষ্ঠানটি বহন করবে বলেও চিঠিতে জানানো হয়েছে।

বিষয়টি জানতে চাইলে সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক মেহেদী হাসান বলেন, তাদের প্রতিষ্ঠান ফ্রান্সে উৎপাদিত সড়কবাতি বাংলাদেশে আমদানি করে। পরে বিভিন্ন ডিলারের মাধ্যমে এসব পণ্য সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করে। কোনো প্রতিষ্ঠান ওয়ার্ক অর্ডার দেওয়ার পর উৎপাদন প্রক্রিয়া ও প্রযুক্তিগত কার্যক্রম সরেজমিনে দেখার আগ্রহ প্রকাশ করলে তাদের ফ্রান্সে নিয়ে যাওয়া হয়।

তবে রাজশাহী সিটি করপোরেশন কোন প্রতিষ্ঠানের মাধ্যমে সড়কবাতি কিনছে, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। তিনি বলেন, “আমাদের তিন-চারজন ডিলার রয়েছে। এই মুহূর্তে ঠিক কোন ডিলার রাসিককে সড়কবাতি সরবরাহ করেছে তা বলতে পারছি না।”

এ বিষয়ে জানতে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একইভাবে নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইটকেও পাওয়া যায়নি।

এ বিষয়ে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জনসংযোগ কর্মকর্তার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘বিদেশ সফরের জন্য কেবল মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির ব্যাপারে এখনও মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। কাজেই প্রশাসক ও প্রকৌশলী বিদেশ সফরে যাচ্ছেন, তা এখনই বলা যাবে না।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments