রাজধানীর ভাষানটেকে ১৩ বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মাজহারুল (৩২) পেশায় রিকশাচালক। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভাষানটেক থানাধীন ২ নং বস্তিতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ভাষানটেক থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল করিম সরকার বলেন, গ্রেফতার মাজহারুল এ ঘটনার দায় স্বীকার করেছেন। ভুক্তভোগীর মা পেশায় একজন গৃহকর্মী এবং মাজহারুল তার দ্বিতীয় স্বামী। গত তিন বছর ধরে তারা ওই বস্তির একটি বাসায় ভাড়া থাকছেন। তার প্রথম সংসারের সন্তান ভুক্তভোগী কিশোরী।
অন্যদিকে মাজহারুলের সঙ্গে তার দ্বিতীয় সংসারে ৮ মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। প্রতিদিনের মতো সকালে কাজে যাওয়ার সময় ৮ মাসের ছোট ভাইকে দেখাশোনার জন্য ভুক্তভোগীকে বাসায় রেখে যান তিনি।
দুপুর ১২টার দিকে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন মাজহারুল তার মেয়েকে ধর্ষণ করার সময় এলাকাবাসীর নিকট হাতেনাতে ধরা পড়েছে। পরে পুলিশ মাজহারুলকে গ্রেফতার করে। এরপর ভিকটিম কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।



