সিকৃবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

‘প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে ৫ জুন (শুক্রবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ, র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে জুলাই-৩৬ গেট সংলগ্ন সড়কের পাশে নিমগাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে পরিবেশ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম বলেন , জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ বর্তমানে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, নদীভাঙন, বন্যা, খরা ও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেশের পরিবেশ, কৃষি ও জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। এর ওপর প্লাস্টিক ও পলিথিন দূষণ, বায়ুদূষণ এবং অপরিকল্পিত নগরায়ণ আমাদের পরিবেশগত সংকটকে আরও তীব্র করে তুলছে।

এসময় তিনি বলেন,  বিএনপি সবসময়ই পরিবেশবান্ধব নীতি ও কর্মসূচির পক্ষে কাজ করেছে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যুগান্তকারী খাল খনন কর্মসূচি থেকে আরাফাত ময়দানে নিম গাছের চারা রোপণের উদ্যোগ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবেশবান্ধব নীতি এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নসংক্রান্ত পরিকল্পনা ও পদক্ষেপের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সারাদেশে খাল পুনঃখনন, ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নীতি এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। এসব পদক্ষেপ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা পালন করবে। 

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় কেবল সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠান পর্যায়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি প্রধানমন্ত্রী ঘোষিত পরিবেশবান্ধব কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং মিতব্যয়ী ও সংযমী জীবনযাপনের আহ্বান জানান।পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগই কেবল একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

প্রক্টর প্রফেসর ড. মোঃ সামিউল আহসান তালুকদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাত, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো: শাহ জাহান মজুমদার, ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ডা. মো: রফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী (অ.দা.) প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের  পরিচালক (অ.দা.) কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন এবং পরীক্ষা নিয়ন্ত্রক (অ.দা.)  গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম ও কৃষি বনায়ন ও পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. অসীম সিকদার।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments