রংপুরে গৃহবধু ধর্ষণের মামলায় হাবিবুর রহমান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব । মঙ্গলবার দিবাগত রাত ২টায় গঙ্গাচড়া উপজেলার ধনতোলা বাজার দক্ষিণ বেতগাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
হাবিবুর দক্ষিণ বেতগাড়ি গ্রামের নয়া মিয়ার ছেলে। বুধবার (১০ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, গত ১৯ ফেব্রুয়ারী রাতে বাড়িতে এক পেয়ে গৃহবধুর মুখে চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে হাবিবুর রহমান। এ সময় ওই গৃহবধু মুখ থেকে হাত সরিয়ে চিৎকার করলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা হাবিবুরকে আটক করে একটি ঘরে আটকে রাখে।
বিষয়টি জানাজানি হলে হাবিবুরের পরিবারের সদস্যরা ওই বাড়িতে এসে দরজা ভেঙ্গে হাবিবুরকে নিয়ে যায়। এ ঘটনায় ২১ ফেব্রুয়ারী ভুক্তভোগী গৃহবধুর স্বামী বাদি হয়ে থানায় মামলা করলে আত্মগোপনে চলে যায় হাবিবুর।
ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরী হলে ছায়া তদন্ত শুরু করে র্যাব । গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে হাবিবুর রহমানকে র্যাব গ্রেফতার করে।
র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে হাবিবুরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাব মাঠে কাজ
করছে।



