কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে ধরা পড়েছে ৫৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাঘাইড় মাছ। মাছটি স্থানীয় জেলেদের কাছ থেকে কিনে নিয়েছেন এক স্কুল শিক্ষক। পরে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রির উদ্যোগ নিয়েছেন তিনি। সে হিসাবে মাছটির সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৮৫ হাজার টাকা।
রোববার (২১ জুন) সকালে কুড়িগ্রামের অনন্তপুর এলাকার জেলে বকুল চন্দ্র ও তাঁর সহযোগীদের জালে মাছটি ধরা পড়ে। রাতভর মাছ ধরার পর ভোরে ব্রহ্মপুত্র নদ থেকে বিশাল আকৃতির বাঘাইড়টি জালে ওঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাছটি জেলেদের কাছ থেকে কিনে নেন অনন্তপুর এলাকার স্কুল শিক্ষক মো. সাজেদুল ইসলাম (সাজু)। বিরল আকৃতির এই মাছটি দেখতে তাঁর বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষজন।
সাজেদুল ইসলাম বলেন, ব্রহ্মপুত্র নদে নতুন পানি আসার ফলে বড় মাছের চলাচল বেড়েছে। সেই সুযোগে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে বাঘাইড়টি ধরা পড়ে। প্রত্যন্ত এলাকা থেকে এত বড় মাছ বাজারজাত করা জেলেদের জন্য বেশ কষ্টসাধ্য হওয়ায় তিনি মাছটি কিনে নিয়েছেন।
তিনি আরও বলেন, “৫৫ কেজি ওজনের এই মাছ একা ভোগ করা সম্ভব নয়। তাই প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রির পরিকল্পনা করেছি। সে অনুযায়ী মাছটির মূল্য প্রায় ৮৫ হাজার টাকা হতে পারে।
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আকন্দ বলেন, বৃষ্টি ও উজানের ঢলের কারণে ব্রহ্মপুত্র নদে মাছের বিচরণ বেড়েছে। জেলেদের জালে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়া নিঃসন্দেহে আনন্দের খবর। তিনি বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ ও দেশীয় মাছের প্রজনন বৃদ্ধিতে মৎস্য বিভাগ সারা বছর বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে বিশাল আকৃতির বাঘাইড় মাছটির খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। মাছটি একনজর দেখতে শিক্ষক সাজুর বাড়িতে ভিড় করছেন স্থানীয় নানা বয়সী মানুষ।



