মাদকের ভয়াবহ বিস্তারে দেশের অসংখ্য পরিবার নিঃস্ব হয়ে গেছে মন্তব্য করে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, মাদক কারবারীরা দেশ, জাতি ও সমাজের শত্রু। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শুক্রবার জেলা শিল্পকলা একাডেমিতে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষ্যে আলোচনা ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভূমি মন্ত্রী বলেন, রাজশাহী অঞ্চলে বাইরে থেকে মাদক আসে। বিশেষ করে সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার হয়ে আসে। সীমান্তঘেঁষা এলাকার অনেক মাদক কারবারী কোটি কোটি টাকার মালিক হয়েছে। এসব কারবারীকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। মাদকের সঙ্গে জড়িত প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। জামিন পেয়ে জড়িতরা যাতে আবার মাদক ব্যবসায় করতে না পারে, সে বিষয়ে নজর দিতে হবে।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন উপস্থিত ছিলেন।
১৮ কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
এদিকে নগরীর চন্দ্রিমা থানার কালচিকা থেকে ১৮ কেজি গাঁজাসহ ব্যবসায়ী মাজদার আলীকে গ্রেপ্তার করেছে র্যাব । র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি দল বৃহস্পতিবার বিকেলে এই অভিযান চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মাজদার বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ ও বিক্রির সত্যতা স্বীকার করেছেন। চন্দ্রিমা থানায় মামলার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।



