‘ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে ফ্যাসিস্টরা আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে’ — এমপি মো. শাহজাহান

জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা, শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মো. শাহজাহান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা একই কাতারে লড়াই করেছেন, তাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। তবে একটি বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে ফ্যাসিস্টরা আর কোনো দিন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

বুধবার দুপুরে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শহীদ পরিবার, আহত ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. শাহজাহান বলেন, জুলাই আন্দোলনের স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে। এজন্য ধৈর্য ধারণ করতে হবে। তিনি বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে এবং এ ক্ষেত্রে জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এন এম নাসির উদ্দিন, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন এবং জেলা জামায়াতের আমির মো. ইসহাক খোন্দকার।

সভায় আরও বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, ইসলামী আন্দোলনের শহর শাখার আমির মাওলানা মো. ইউসুফ ভূঁইয়া, গণঅধিকার পরিষদের জেলা সহসভাপতি তাজুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সাবেক সাধারণ সম্পাদক কাজী মাইন উদ্দিন তানভীর, মাইজদী শহর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আরিফ হোসেন, ছাত্রশক্তির জেলা শাখার সদস্যসচিব মেহেদী হাসান সীমান্ত এবং শহীদ মামুন ও জাহেদের মায়েরা।

অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।

এর আগে সকালে জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা, পুলিশ সুপার এন এম নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা এবং জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশিদ আজাদের নেতৃত্বে জেলা পরিষদের প্রতিনিধিরা নোয়াখালীর কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments