রাজশাহী কলেজে মাস্টার্স শেষ বর্ষের ভাইভা পরীক্ষা দিতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সজিব আলীকে (২৪) পুলিশে দিয়েছেন প্রতিপক্ষের শিক্ষার্থীরা।
রবিবার (২৮ জুন) বেলা সাড়ে ১১টায় কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে থেকে শিক্ষার্থীরা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে সন্ত্রাসী বিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।
গ্রেপ্তার সজিব আলী নগরীর শাহ্ মখদুম থানার শতিহার এলাকার চরশ্যামপুরের মোজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
জানা গেছে, সজিব আলী রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি ভাইভা পরীক্ষা দিতে কলেজে আসলে প্রতিপক্ষের শিক্ষার্থীরা তাকে শনাক্ত করেন। পরে বিভাগের সামনে তাকে আটকে রেখে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মুস্তারি বলেন, তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।



