রংপুরের পীরগঞ্জ উপজেলার কুতুবপুর গবড়া এলাকায় অভিযান চালিয়ে জালনোটসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৩, রংপুর। এ সময় তার কাছ থেকে ৭৫ হাজার ৫০০ টাকা মূল্যমানের জালনোট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ শাওন মিয়া (১৯)। তিনি একই গ্রামের মোঃ সুজন মিয়ার ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার, র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গত ৮ জুলাই দুপুর সারে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ১২ নং মিঠিপুর ইউনিয়নের কুতুবপুর গবড়া এলাকায় জনৈক মোঃ হারুনুর রশিদের বাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই বাড়ি থেকে মোঃ শাওন মিয়া (১৯), পিতা-মোঃ সুজন মিয়া, সাং-কুতুবপুর গবড়া, থানা- পীরগঞ্জ, জেলা-রংপুর’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাওনের দেহ তল্লাশী করে তার পকেটে থাকা ৫০০ টাকার ১৫১ টি জাল নোট উদ্ধার করা হয়। যার মোট মূল্যমান ৭৫হাজার ,৫০০টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অভিযুক্ত শাওন দীর্ঘদিন ধরে জাল নোট সংরক্ষণ, বিতরণ ও বাজারজাত করার সঙ্গে জড়িত ছিলো।এ ঘটনায় র্যাব বাদী হয়ে ধৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



