রংপুরে ছয় বছর বয়সী মেয়েকে মাদ্রাসায় পৌঁছে দিতে যাওয়ার পথে বাসচাপায় আবুল কাশেম নামে এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত বাসে আগুন ধরিয়ে দিয়ে সড়ক অবরোধ করলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর মডার্ন মোড়ে তুলা গবেষণা কেন্দ্রের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম মিঠাপুকুর উপজেলার ছড়ান এলাকার বাসিন্দা এবং স্থানীয় জিয়াদপুকুর মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে ছয় বছর বয়সী মেয়েকে মাদ্রাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন আবুল কাশেম। এ সময় ঢাকাগামী একটি বাস লোকাল লেনে ঢুকে ইউটার্ন নেওয়ার সময় পেছনে থাকা তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার কোলে থাকা শিশুকন্যা অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসের চালক মুর্তূজাকে আটক করা হয়েছে। মরদেহের আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



