‘কৃষকের সমস্যার সমাধানে গবেষণাভিত্তিক প্রযুক্তির বিকল্প নেই’

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার মূল ভিত্তি কৃষি। আর কৃষির প্রাণ হচ্ছেন দেশের কৃষক। তবে জলবায়ু পরিবর্তন, অনিয়মিত আবহাওয়া, মাটির উর্বরতা হ্রাস, রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ, কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি, বাজারজাতকরণের সমস্যা এবং আধুনিক প্রযুক্তির সীমিত ব্যবহারের কারণে কৃষকরা নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন বলে মন্তব্য করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলীমুল ইসলাম।

শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি আয়োজিত ‘মাঠ পর্যায়ে কৃষকদের সমস্যা ও তার প্রতিকারের উপায়’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, অ্যানিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপাচার্য বলেন, কৃষকদের সমস্যার কার্যকর সমাধানে গবেষণাভিত্তিক প্রযুক্তি উদ্ভাবন, আধুনিক কৃষি ব্যবস্থাপনার প্রসার, মানসম্মত বীজ ও উন্নত জাতের ব্যবহার, সুষম সার ব্যবস্থাপনা, সমন্বিত বালাই দমন ব্যবস্থা, স্মার্ট কৃষি প্রযুক্তির প্রয়োগ এবং কৃষকদের নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সবসময় কৃষকদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা মাঠপর্যায়ের বাস্তব সমস্যার সমাধানে নিরলসভাবে গবেষণা করে যাচ্ছেন। গবেষণালব্ধ প্রযুক্তি ও নতুন কৃষি কৌশল সহজভাবে কৃষকদের কাছে পৌঁছে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।

ড. আলীমুল ইসলাম বলেন, কৃষক, গবেষক, কৃষি সম্প্রসারণ কর্মী ও নীতিনির্ধারকদের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা গেলে কৃষির উৎপাদনশীলতা যেমন বাড়বে, তেমনি কৃষকের আয়ও বৃদ্ধি পাবে এবং টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত হবে।

সিকৃবির আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. জসিম উদ্দিন আহাম্মদ এবং খামারের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ।

প্রশিক্ষণ কর্মসূচিতে সিলেট বিভাগের বিভিন্ন জেলার শতাধিক প্রান্তিক কৃষক প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments