রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার গড়ার ঘোষণা

কেন্দ্রীয় উদ্যান, চিড়িয়াখানা ও প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপন করা হবে। সেখানে জবাইয়ের আগে পশুর স্বাস্থ্য পরীক্ষা, ধর্মীয় বিধান অনুযায়ী হালাল পদ্ধতিতে জবাই, আধুনিক ব্যবস্থাপনায় মাংস সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা থাকবে।

সোমবার রাজশাহী সফরকালে নগর ভবনে ‘আধুনিক কসাইখানা নির্মাণ’ বিষয়ে অংশীজনদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে নিরাপদ ও মানসম্মত মাংস সরবরাহ নিশ্চিত হবে। একই সঙ্গে পশুর উপজাত ব্যবহার করে বৈদেশিক মুদ্রা অর্জন, বায়োগ্যাস ও জৈব সার উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে।

এর আগে সকালে রাজশাহীতে পৌঁছে তিনি রাজশাহী সিটি করপোরেশন পরিচালিত কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন করেন। পরে নগরের ২৮ নম্বর ওয়ার্ডের ফুলতলায় প্রস্তাবিত আধুনিক কসাইখানার স্থানও ঘুরে দেখেন।

চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্কের আদলে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এজন্য শিগগিরই বিশেষজ্ঞ দল পাঠিয়ে প্রয়োজনীয় সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, চিড়িয়াখানার প্রাণীগুলো কোথায় স্থানান্তর করা হয়েছে এবং তাদের বর্তমান অবস্থা কী—তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অতীতের অব্যবস্থাপনা দূর করে রাজশাহীর অন্যতম বিনোদনকেন্দ্রটিকে নতুনভাবে গড়ে তোলা হবে।

প্রতিমন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যেই রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে নগরের পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কর্মকাণ্ডে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমও চলমান রয়েছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এতে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজ হাসান, সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী এবং মাংস ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments