সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তে বিজিবির উদ্যোগে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।
সোমবার (১৩ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাউড়েরগড় বিজিবি ক্যাম্প নিয়ন্ত্রিত এলাকার হযরত শাহ আরেফিন (রহ.)-এর আস্তানায় সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে বিজিবির নিজস্ব মেডিক্যাল অফিসার এবং তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা রোগী পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।

মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি সবসময় প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
সাম্প্রতিক অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী এলাকার অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, এ কার্যক্রমের মাধ্যমে পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় ২৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালকবৃন্দ, স্থানীয় বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা, বিজিবির সদস্যরা এবং হযরত শাহ আরেফিন (রহ.)-এর আস্তানা পরিচালনা কমিটির সদস্য সচিব আলম সাব্বির, খাদেম হাজী নুরুল আমিন, মহরম আলী, শহিদ মিয়া, নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



