রাজশাহীর স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত মানা হবে না

নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় সরানোর প্রস্তাবে মহানগর জামায়াতের প্রতিবাদ

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের সরকারি প্রস্তাব ও এ-সংক্রান্ত চিঠির খবরে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কোনো যৌক্তিক কারণ এবং সংশ্লিষ্ট এলাকার জনগণের মতামত উপেক্ষা করে নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের উদ্যোগ রাজশাহীর জনগণের ন্যায্য স্বার্থের পরিপন্থী। এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করা হলে রাজশাহীবাসীকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখা হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমির ও চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলীর সভাপতিত্বে মহানগর সুরা বৈঠকে এ বিষয়ে গভীর উদ্বেগ, ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, নেসকোর প্রধান কার্যালয় দীর্ঘদিন ধরে রাজশাহীর হেতেম খাঁ এলাকায় কার্যক্রম পরিচালনা করে আসছে। উত্তরাঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থাপনা, প্রশাসনিক কার্যক্রম ও গ্রাহকসেবার অন্যতম কেন্দ্র হিসেবে নেসকোর সঙ্গে রাজশাহীর দীর্ঘদিনের ঐতিহাসিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে উঠেছে।

তাদের দাবি, যথাযথ কারণ ও জনমত উপেক্ষা করে প্রধান কার্যালয় সরিয়ে নেওয়া হলে শুধু রাজশাহীর প্রশাসনিক গুরুত্বই কমবে না, কর্মসংস্থান, সেবার মান এবং আঞ্চলিক উন্নয়নেও নেতিবাচক প্রভাব পড়বে।

নেতৃবৃন্দ আরও বলেন, বৃহত্তর রাজশাহী অঞ্চলের মানুষের ন্যায্য প্রত্যাশা ও স্বার্থকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য হতে পারে না। উত্তরাঞ্চলের মানুষের যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখা প্রয়োজন।

মহানগর সুরা বৈঠক থেকে নেতৃবৃন্দ অবিলম্বে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের প্রস্তাব প্রত্যাহার করে রাজশাহীতে প্রধান কার্যালয় বহাল রাখার বিষয়ে সরকারের সুস্পষ্ট ঘোষণা দাবি করেন।

একই সঙ্গে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজশাহীর ন্যায্য অধিকার, মর্যাদা ও স্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে রাজশাহীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও আইনসম্মত কর্মসূচির মাধ্যমে আন্দোলন অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments