প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে মানহানিকর পোস্ট

রাজশাহীতে গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলামের স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে রাজশাহী থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম পলাশ চৌধুরী (৪৮)। তিনি নগরীর মালোপাড়ার বাসিন্দা।

শুক্রবার (৩১ জুলাই) ভোরে র‌্যাব-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল নগরীর রানীবাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

বিকেলে র‌্যাব-৫, রাজশাহীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসামি হিসেবে পলাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাদী নূর মোহাম্মদ (৩০) প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জুলাই বিকেলে নূর মোহাম্মদ ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ফেসবুক আইডি, গ্রুপ, পেজ ও টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণীর নামে মিথ্যা, অশ্লীল ও মানহানিকর বক্তব্য প্রচার করতে দেখেন।

এ ঘটনায় গত ২ জুলাই রাজধানীর গুলশান থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন তিনি।

এজাহারে আরও বলা হয়, এসব পোস্ট পরে বিভিন্ন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে ভুক্তভোগীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়। একই সঙ্গে তিনি মানসিকভাবে হেয় প্রতিপন্ন, মানহানির শিকার এবং ব্ল্যাকমেইলের মুখে পড়েন বলে মামলায় অভিযোগ করা হয়।

মামলা দায়েরের পর গুলশান থানা পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। মামলার তদন্তের ধারাবাহিকতায় রাজশাহী থেকে পলাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশ চৌধুরী ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গুলশান থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments