রংপুরের গঙ্গাচড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ২ হাজার ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কাকিনা-রংপুর সড়কের তালুকহাবু মৌজার নিশাত বেনারসি দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওসি আব্দুস ছবুরের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অবস্থান নেয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে থাকা সন্দেহভাজন সুমন মিয়া ও লুনা আক্তার পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
রবিবার (১৯ জুলাই) দুপুরে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতার দুই আসামির বাড়ি লালমনিরহাট সদর উপজেলায়। উদ্ধার হওয়া টাপেন্টাডলের বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।
ওসি আরও জানান, মাদক পরিবহনে ব্যবহৃত ১৩৫ সিসি মোটরসাইকেল এবং মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার সুমন মিয়া ও লুনা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।



