ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর মেডিকেল ক্যাম্প ২২–২৪ জুলাই

রাজশাহীতে ৩ থেকে ১৮ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে জন্মগত হৃদরোগ শনাক্ত ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে। আগামী ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত নগরের লক্ষ্মীপুর বকশী মোড়ে অবস্থিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহী প্রাঙ্গণে এ ক্যাম্প চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সেবা দেওয়া হবে। উত্তরাঞ্চলে এ ধরনের বিশেষায়িত সেবা এবারই প্রথম আয়োজন করা হচ্ছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্দুল মান্নান এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগিতায় চীনের ফুয়াই ইউনান কার্ডিওভাসকুলার হাসপাতাল, চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্সেস (FYCH)-এর সাত সদস্যের খ্যাতিমান শিশু হৃদরোগ বিশেষজ্ঞ দল এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) পরিচালকসহ আটজন শিশু হৃদরোগ বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম ক্যাম্পে চিকিৎসাসেবা দেবে।

তিনি আরও জানান, ক্যাম্পে অংশ নিতে ইতোমধ্যে ২ হাজার ৬০০ শিশু নিবন্ধন সম্পন্ন করেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শিশুদের জন্মগত হৃদরোগ দ্রুত শনাক্ত করে রোগের তীব্রতা নির্ণয়ের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। এতে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে জটিলতা, হার্ট ফেইলিওর কিংবা অকালমৃত্যুর ঝুঁকি কমবে। যেসব শিশুর জন্মগত হৃদরোগ শনাক্ত হবে, তাদের রোগের ধরন ও জটিলতা অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকরা তাৎক্ষণিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেবেন। প্রয়োজনে তাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা অথবা আরও উন্নত চিকিৎসার জন্য রেফার করা হবে।

সংবাদ সম্মেলনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, সহসভাপতি-২ মো. হাসেন আলী, পরিচালক (মেডিকেল সার্ভিসেস) প্রফেসর ডা. মো. রইচ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক-১ মো. লিয়াকত আলী, নির্বাহী সদস্য ডা. ওয়াসিম হোসেন ও মো. এনামুল হক, পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রফেসর মাহবুবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সময় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর বিভিন্ন বিশেষায়িত সেবার তথ্যও তুলে ধরা হয়। জানানো হয়, ২০২৪ সালের ২ নভেম্বর থেকে প্রতিষ্ঠানটিতে একশ শয্যার হাসপাতাল চালুর পাশাপাশি করোনারি এনজিওগ্রাম, স্টেন্টিং, পেসমেকার স্থাপন, পিটিএমসি, ২৪ ঘণ্টার জরুরি বিভাগ, বহির্বিভাগ, সিসিইউ, পিসিসিইউ, আইসিইউ, জেনারেল বেড ও কেবিন সুবিধাসহ আধুনিক হৃদরোগ চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments