রংপুরে ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি জোরদার করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। হাসপাতালটির প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ, আসবাবপত্র ক্রয় এবং জনবল নিয়োগের কার্যক্রম এখন শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরের মধ্যে হাসপাতালটি উদ্বোধন করা হতে পারে।
এ লক্ষ্যে শনিবার (১ আগস্ট) সকালে হাসপাতালটি পরিদর্শন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট শাখার অতিরিক্ত সচিব আরিফ আহমদ। তিনি হাসপাতালের আউটডোর ও ইনডোর ভবন, প্রধান প্রবেশদ্বার এবং অক্সিজেন প্লান্ট ঘুরে দেখেন। পরে রংপুরের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে হাসপাতাল চালুর ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সংকট ও করণীয় বিষয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের স্বাস্থ্য উপ-পরিচালক ডা. ওয়াজেদ আলী, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা এবং স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব আরিফ আহমদ সাংবাদিকদের জানান, রংপুরসহ দেশের বিভিন্ন জেলায় নির্মিত শিশু হাসপাতালগুলো আগামী সেপ্টেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি ক্রয়ে ২০৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। চলতি মাসের মধ্যেই হাসপাতালগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, হাসপাতালের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগে পদ সৃজনের প্রস্তাব অর্থ বিভাগে পাঠানো হয়েছে, যার কার্যক্রমও শেষ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে আসবাবপত্র ক্রয়ের টেন্ডার সম্পন্ন হয়েছে এবং বর্তমানে নমুনা যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এ মাসের মধ্যেই এ ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।
অতিরিক্ত সচিব বলেন, সরকার শিশুস্বাস্থ্যসেবাকে আরও উন্নত ও সহজলভ্য করতে দেশের বিভিন্ন অঞ্চলে আধুনিক শিশু হাসপাতাল নির্মাণ করেছে। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর আগামী দুই মাসের মধ্যে হাসপাতালগুলোর উদ্বোধন করা হবে। উদ্বোধনের আগেই সব অবকাঠামোগত ও প্রশাসনিক কাজ শেষ করা হবে।
পরিদর্শন শেষে তিনি রংপুর মা ও শিশু হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালও পরিদর্শন করেন।



