ময়মনসিংহ মেডিক্যালে আগুন, পদদলিত হয়ে ছয় জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পর রোগী ও স্বজনদের হুড়োহুড়িতে পদদলিত হয়ে নারী ও শিশুসহ ছয় জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তবে আহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—নেত্রকোনার পূর্বধলার বসী গ্রামের হাজেরা বেগম (৫০), ময়মনসিংহের ফুলবাড়িয়ার রাঙ্গামাটিয়ার শাহজাহান (৪০), একই উপজেলার রমজান (৩৮) ও জাহানারা (৫০) এবং তারাকান্দার বালিখা গ্রামের কুলসুমা (৩৫)। নিহত অপরজন অজ্ঞাতপরিচয় এক শিশু। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফায়ার স্টেশনের একটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে। এ সময় ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুনের আতঙ্কে রোগী ও স্বজনেরা দ্রুত নিচে নামার চেষ্টা করলে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় কয়েকজন পড়ে গিয়ে পদদলিত হন।

পরে ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভবনে উদ্ধার কার্যক্রম চালায়।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, প্রাথমিকভাবে হাসপাতালের লিফট রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলার ছাদে থাকা ১১ নম্বর লিফটের নিয়ন্ত্রণকক্ষে আগুন লাগে। বৈদ্যুতিক যন্ত্র অতিরিক্ত গরম হয়ে অথবা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হাসপাতালের নিরাপত্তাকর্মী, কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের কারণ ও সার্বিক বিষয় খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments