আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনকে এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) জামায়াতে ইসলামী ডাকসুর ভিপি সাদিক কায়েমকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘোষণা দেন।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সিরাতুন্নবী (সা.) কনফারেন্সে যোগ দিয়ে তিনি এ কথা জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও স্থানীয় নির্বাচনে সব দল আলাদাভাবে নির্বাচন করবে। এ কারণে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে জামায়াতের দুই প্রার্থী ঠিক করা হয়েছে।
জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। জামায়াতে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী আবু সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি)। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সমন্বয়ক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে ২০২৫ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন। তিনি ২০২৪ সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং পরে সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটোয়ারী এবং উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দলীয় প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।
তবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি এখনো প্রার্থী চূড়ান্ত করেনি।



