রংপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে এবং অন্যজন বেসরকারি প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২০ জন রোগী ভর্তি হয়েছেন।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের সহকারী অধ্যাপক তৌহিদুল ইসলাম।
হাসপাতাল সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার মিনারা বেগম (৪০) গত ৮ সেপ্টেম্বর ঢাকা থেকে এসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
অন্যদিকে মিঠাপুকুর উপজেলার জান্নাতি খাতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র আরও জানায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২০ জন রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ৪৩৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন।



