জুলাই সনদ বাস্তবায়ন না করলে তরুণ প্রজন্ম লাল কার্ড দেখাবে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে তরুণ প্রজন্ম সরকারকে লাল কার্ড দেখাতে এক মিনিটও দেরি করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন করেনি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর করে নির্বাচনের পর তা অক্ষরে অক্ষরে বাস্তবায়নের অঙ্গীকার করেছিল সরকার। কিন্তু সেই অঙ্গীকার বাস্তবায়ন না করে তারা জাতির কাছে নিজেদের মুনাফেক হিসেবে উপস্থাপন করেছে।

সোমবার দুপুরে রংপুরের কারমাইকেল কলেজ ছাত্রশিবির আয়োজিত শহীদ মিনার প্রাঙ্গণে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বর্তমান সরকারপ্রধান উত্তরবঙ্গে এসে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিতে মানুষের কাছে অনুরোধ করেছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পর তারাই এখন নিজেদের মুনিব মনে করছেন। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়াই তাদের একমাত্র লক্ষ্য ছিল। ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় গিয়ে অতীতে করা লুটপাটের বৈধতা নিতে তারা জাতির সঙ্গে ছলচাতুরীর আশ্রয় নিয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রের সংস্কার হলে চিরস্থায়ী ক্ষমতার বন্দোবস্ত করা সম্ভব হবে না বলেই সরকার গণভোটের রায় বাস্তবায়ন করছে না। গণভোটে ৩০টি বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছিল। নির্বাচিত হওয়ার পর সেগুলো বাস্তবায়নের কথা থাকলেও জাতীয় নির্বাচনের পর সরকার সংবিধান সংস্কারের শপথ নেয়নি। তারা সংবিধানের মৌলিক সংস্কার চায় না।

ছাত্রশিবিরের সভাপতি আরও বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকার শিবিরের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালিয়েছে। শিক্ষার্থীদের কাছে শিবিরকে ‘রগ কাটার দল’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। এত নিপীড়ন-নির্যাতনের মধ্যেও আওয়ামী লীগ সরকারের আমলে শিবিরের কার্যক্রম তিন গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে শিবির একটি সুসংগঠিত সংগঠন। শিক্ষার্থীরা মানবিক মর্যাদায় বেড়ে উঠবে এবং নীতি-নৈতিকতা বজায় রেখে আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কারমাইকেল কলেজ ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হক মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হোসেন মন্ডল, উপাধ্যক্ষ অধ্যাপক হাবিবুর রহমান, শিবিরের কেন্দ্রীয় কমিটির ছাত্রকল্যাণবিষয়ক সম্পাদক রেজাউল করিম শাকিল এবং রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি আনিসুর রহমান।

নবীনবরণ অনুষ্ঠানে কারমাইকেল কলেজের অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়া ১৮টি বিভাগের প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভাগের দুই শতাধিক কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments