নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তালা ভাঙার কাটার ও কয়েকটি গামছা উদ্ধার করা হয়। তাদের বহনকারী একটি সিলভার রঙের প্রোবক্স গাড়িও জব্দ করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকলমী বাজার চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার বিকেলে তাদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সোনাইছড়ি এলাকার রফিকুল ইসলাম (৫৭), কুমিল্লার কোতোয়ালি থানার রাজগঞ্জ এলাকার মইনুল ইসলাম (২৮), সীতাকুণ্ডের জাহানাবাদ এলাকার মিজানুর রহমান (২৫), কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের চরকলমী এলাকার নুর নবী (৩৯) ও নুর মোহাম্মদ (৩২) এবং সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকার গাড়িচালক আজিজুল মোস্তফা (৩৫)।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে চরকলমী বাজার চৌরাস্তা এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল পুলিশ। এ সময় এসআই সুমন চন্দ্র দাসের সন্দেহ হলে সিলভার রঙের প্রোবক্স গাড়িটিতে তল্লাশি চালানো হয়। গাড়িতে চালকসহ ছয়জন ছিলেন। তল্লাশির সময় তালা ভাঙার কাটার ও কয়েকটি গামছা পাওয়া গেলে তাদের আটক করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ছয়জনের মধ্যে রফিকুল ইসলাম, নুর মোহাম্মদ ও আজিজুল মোস্তফার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়েছে। জব্দ করা প্রোবক্স গাড়িটি থানায় রাখা হয়েছে। ওই মামলায় তাদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments