নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসিকপুর শিল্পনগরীতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনের দায়ে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ‘কেবি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং’ নামের ওই কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে কারখানা থেকে ১১৫ কেজি উৎপাদিত নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. মোর্শেদ হায়ান, বেগমগঞ্জ মডেল থানার এসআই মো. খুরশীদসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার রসিকপুর বিসিক শিল্পনগরীতে অবস্থিত ওই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ পলিথিন উৎপাদনের সত্যতা পাওয়ায় কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘন এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালার সংশ্লিষ্ট ধারায় কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
পাশাপাশি কারখানাটির কার্যক্রম বন্ধ রাখার জন্য মালিকপক্ষের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



