বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টায় নগরীর হড়গ্রাম নতুনপাড়া গোরস্থানে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। উদ্বোধক ছিলেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া।
এসময় জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম রাসেল, সহসভাপতি মোহাম্মদ আরিফিন, এস এম মিজানুর রহমান, অধ্যাপক নেছার উদ্দিন তালুকদার, এস এম মুসা, হাফেজ সাইফুল্লাহ মনসুর, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব ও শাহাদাৎ হোসেন, রাজশাহী জেলা সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, মহানগর সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মসজিদ ও গোরস্থান কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি করপোরেশন আগামী এক বছরে ২ লাখ ৫০ হাজার গাছের চারা রোপণ করবে।
তিনি জানান, এ লক্ষ্যে প্রথম পর্যায়ে এক লাখ চারা রোপণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরকে আরও সবুজ করে তুলতে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে এ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।



