শাহজালালে বড় অভিযান, ২ কোটি টাকার পণ্য আটক

সিগারেট, স্বর্ণ, নিষিদ্ধ গৌরি ক্রিম ও বিদেশি মদ জব্দ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ গৌরি ক্রিম ও বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা এসব পণ্যের শুল্ক-করসহ মোট আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৪ লাখ ৭ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গত ৩০ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের এয়ারপোর্ট ‘এ’ শিফটের কর্মকর্তারা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন ফ্লাইটে আসা যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ সংগ্রহের সময় ১ নম্বর ব্যাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় তিনটি সন্দেহজনক ব্যাগ দেখতে পান কর্মকর্তারা। পরে ব্যাগগুলো তল্লাশি করে মন্ড ব্র্যান্ডের ৩৭০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

এ ছাড়া একই সময়ে বিমানবন্দরে অবতরণ করা অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের কাছ থেকেও আরও ১১১ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৪৮১ কার্টন বিদেশি সিগারেট আটক করা হয়েছে। এগুলোর বাজারমূল্য প্রায় ২১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা। তবে প্রযোজ্য শুল্ক-কর ও ৬২১ শতাংশ টোটাল ট্যাক্স ইনসিডেন্স (টিটিআই) যোগ করলে এর মূল্য দাঁড়ায় প্রায় ১ কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকা।

অভিযানে একই ফ্লাইটে আসা যাত্রী মো. তাজুল ইসলামের হ্যান্ডব্যাগ তল্লাশি করে কৌশলে লুকিয়ে আনা ৯৯ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তার পাসপোর্ট যাচাই করে কাস্টমস কর্মকর্তারা জানতে পারেন, চলতি বছরের ১০ জুন তিনি শুল্ক-কর পরিশোধ ছাড়াই ১০০ গ্রাম স্বর্ণালংকার দেশে এনেছিলেন।

কাস্টমস কর্মকর্তারা জানান, ব্যাগেজ বিধিমালা-২০২৫ অনুযায়ী একই বছরে নির্ধারিত সীমার অতিরিক্ত স্বর্ণালংকার শুল্কমুক্তভাবে আনার সুযোগ নেই। ফলে নতুন করে আনা ৯৯ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। এর বাজারমূল্য প্রায় ১৮ লাখ ৭৪ হাজার ৫৬৫ টাকা এবং শুল্ক-করসহ মোট মূল্য প্রায় ৩০ লাখ টাকা।

এ ছাড়া অভিযানে ১২ কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।

অন্যদিকে কলকাতা থেকে আগত বিভিন্ন যাত্রীর কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১১ লিটার বিদেশি মদ বা হুইস্কি জব্দ করা হয়। এসব মদের বাজারমূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা। তবে ৬১০ দশমিক ৩০ শতাংশ শুল্ক-করসহ এর মোট মূল্য প্রায় ১৫ লাখ ৬২ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, অভিযানে জব্দ করা বিদেশি সিগারেটের শুল্ক-করসহ মূল্য প্রায় ১ কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকা, স্বর্ণালংকারের প্রায় ৩০ লাখ টাকা, নিষিদ্ধ গৌরি ক্রিমের ২ লাখ ৪০ হাজার টাকা এবং বিদেশি মদের প্রায় ১৫ লাখ ৬২ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা পণ্যের মোট মূল্য প্রায় ২ কোটি ৪ লাখ ৭ হাজার টাকা।

জব্দ করা পণ্যের বিষয়ে কাস্টমস আইন, ব্যাগেজ বিধিমালা ও অন্যান্য প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। চোরাচালান, শুল্ক-কর ফাঁকি এবং নিষিদ্ধ পণ্য আমদানি প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments