পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা

জিপ-পিকআপ-বাসের নিরাপত্তা জোরদারের নির্দেশ; অরক্ষিত অবস্থায় কোনো গাড়ি না রাখার কড়া বার্তা

পুলিশের ব্যবহৃত সরকারি যানবাহনকে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। পুলিশের জিপ, পিকআপ, বাসসহ সব ধরনের সরকারি যানবাহনের নিরাপত্তা জোরদারে মহানগর, রেঞ্জ, জেলা ও ইউনিট পর্যায়ের কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়। এতে বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের কথা বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, ডিউটির সময় কিংবা দায়িত্ব শেষে পার্কিং—উভয় অবস্থাতেই সরকারি যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনকালে কোনো কারণে পুলিশি যানবাহন সাময়িকভাবে থামাতে হলে সেটি নিরাপদ স্থানে রাখতে হবে এবং সংশ্লিষ্ট সদস্যদের সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে।

এতে আরও বলা হয়, কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া পুলিশের কোনো যানবাহন অরক্ষিত বা ‘আনঅ্যাটেন্ডেড’ অবস্থায় রাখা যাবে না। সরকারি যানবাহনের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা বরদাশত করা হবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর থানা, পুলিশ লাইন, ব্যারাক, অফিস কম্পাউন্ড এবং নির্ধারিত পার্কিং এলাকায় রাখা সব সরকারি যানবাহনের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের কথাও বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক নিরাপত্তা বিবেচনায় গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও অবকাঠামোর নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এরই অংশ হিসেবে পুলিশের নিজস্ব যানবাহন ও লজিস্টিক ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে এ বিশেষ সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে।

তবে সম্ভাব্য হামলার উৎস, কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা উগ্রবাদী সংগঠনের নাম প্রকাশ করেনি পুলিশ সদর দপ্তর। নিরাপত্তাজনিত কারণে সম্ভাব্য হুমকি সম্পর্কেও বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

জরুরি বার্তায় মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের যে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যক্রম সম্পর্কে দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদত হোসেন বলেন, পুলিশের যানবাহন ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সময়ে সময়েই বিভিন্ন ধরনের নিরাপত্তামূলক নির্দেশনা দেওয়া হয়। এটি তেমনই একটি নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা।

তিনি বলেন, “এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সতর্কতার অংশ হিসেবে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments