সময়ভিত্তিক ও আয়ভিত্তিক প্যাকেজ বেছে নেওয়ার সুযোগ, প্রতিটি ট্রিপে ০% কমিশনের সুবিধা
বাংলাদেশে গাড়িচালকদের জন্য নতুন ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালু করেছে রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম উবার। নতুন এ ব্যবস্থার মাধ্যমে চালকরা নিজেদের প্রয়োজন ও কাজের ধরন অনুযায়ী সাবস্ক্রিপশন প্যাকেজ বেছে নিয়ে আরও স্বাধীনভাবে আয় করার সুযোগ পাবেন। রোববার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে উবার এ তথ্য জানায়।
উবার জানায়, নতুন হাইব্রিড সাবস্ক্রিপশন মডেলে চালকরা ‘সময়ভিত্তিক’ অথবা ‘আয়ভিত্তিক’—এই দুই ধরনের সাবস্ক্রিপশন পাসের মধ্যে নিজেদের সুবিধামতো একটি বেছে নিতে পারবেন। এর ফলে ফুল-টাইম কিংবা পার্ট-টাইম—সব ধরনের চালকই নিজেদের কাজের ধরন অনুযায়ী প্ল্যাটফর্ম ব্যবহার করে আয় বাড়ানোর সুযোগ পাবেন।
এর আগে চলতি বছরের শুরুতে মোটরসাইকেল চালকদের জন্য সফলভাবে হাইব্রিড সাবস্ক্রিপশন চালু করেছিল উবার। ইতিবাচক সাড়া পাওয়ার পর এবার গাড়িচালকদের জন্যও একই সুবিধা চালু করা হলো।
উবারের ভাষ্য, স্থানীয় চালকদের চাহিদা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে অ্যাপের বিভিন্ন সেবা উন্নত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন মডেল চালকদের আরও বেশি ট্রিপ নিতে উৎসাহিত করবে, যা চালক ও যাত্রী—উভয়ের জন্যই ভ্রমণ অভিজ্ঞতাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করবে।
হাইব্রিড সাবস্ক্রিপশনের আওতায় থাকা চালকরা প্রতিটি ট্রিপে ‘শূন্য শতাংশ কমিশন’ সুবিধা পাবেন। অর্থাৎ ট্রিপ থেকে অর্জিত পুরো আয় চালকের কাছেই থাকবে। তারা কেবল নির্বাচিত সাবস্ক্রিপশন প্যাকেজের নির্ধারিত ফি আলাদাভাবে পরিশোধ করবেন।
প্রতিষ্ঠানটির মতে, এ ব্যবস্থার ফলে শুরুর দিকের অতিরিক্ত ব্যয় ও জটিলতা কমবে এবং আরও বেশি চালক উবার প্ল্যাটফর্মে যুক্ত হতে উৎসাহিত হবেন। এতে তাদের আয় বাড়ানোর সুযোগও সৃষ্টি হবে।
উবারের অ্যাপে যাত্রী ও চালকদের নিরাপত্তার জন্য জিপিএস ট্র্যাকিং, স্বচ্ছ ভাড়া নির্ধারণ এবং অ্যাপ থেকেই জরুরি সহায়তা নেওয়ার মতো বিভিন্ন নিরাপত্তা সুবিধা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেজওয়ান রেজভী বলেন, “উবারে আমরা সবসময় চেষ্টা করি, যাতে চালকদের জন্য আমাদের প্ল্যাটফর্ম আরও সহজ, নমনীয় ও লাভজনক হয়। বাইক চালকদের ইতিবাচক সাড়া পাওয়ার পর এবার গাড়িচালকদের জন্যও হাইব্রিড সাবস্ক্রিপশন মডেল চালু করতে পেরে আমরা আনন্দিত। চালকরা নিজেদের উপযোগী সাবস্ক্রিপশন বেছে নিতে পারবেন, যা তাদের আয় বাড়ানোর পাশাপাশি যাত্রীদের জন্য আরও নির্ভরযোগ্য ও নিরাপদ সেবা নিশ্চিত করবে।”
উবার জানায়, দেশের রাইড-শেয়ারিং খাতে নিরাপত্তা, স্বচ্ছতা ও আস্থা আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশের নগর পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও দক্ষ করে তুলতেই এ ধরনের নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।



