বোমা আতঙ্কে উদ্বেগের কারণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায়; সন্দেহজনক বস্তু দেখলে পুলিশকে জানানোর আহ্বান

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত ব্যাগ ও সন্দেহজনক বস্তু ঘিরে সৃষ্টি হওয়া ‘বোমা আতঙ্ক’ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের ছয় মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি উদ্ধার হওয়া পরিত্যক্ত ব্যাগগুলো পরীক্ষা করে কোথাও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে পাওয়া পরিত্যক্ত ব্যাগ ও সন্দেহজনক বস্তু আইনশৃঙ্খলা বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা-নিরীক্ষা করছে। এখন পর্যন্ত কোনো ঘটনায় বোমা বা বিস্ফোরক মেলেনি।

তবে ঢাকার আশুলিয়ায় একটি প্রেসার কুকারের ভেতর থেকে উদ্ধার হওয়া বস্তু এবং মতিঝিলে পাওয়া সন্দেহজনক বস্তু নিয়ে পৃথক তদন্ত চলছে বলে জানান তিনি। এসব ঘটনার পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত পাঁচ-ছয় মাসে নাশকতা ও এ ধরনের অপরাধের হার তুলনামূলকভাবে কমেছে। তারপরও জনগণের নিরাপত্তায় বোম্ব ডিসপোজাল ইউনিটকে ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে এবং যেকোনো নাশকতার পরিকল্পনা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক সজাগ রয়েছে।

আগস্ট মাসে বিশেষ সতর্কতা জারির কারণ সম্পর্কে তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কিছু তৎপরতার তথ্য থাকায় সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। জনগণকে সন্দেহজনক কোনো বস্তু দেখলে তা স্পর্শ না করে দ্রুত পুলিশকে জানাতেও আহ্বান জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments