জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত কোনো শক্তির দেশে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আওয়ামী লীগের পরিণতি কী হবে, তা নির্ধারণ করবে আদালত।
গতকাল রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। তবে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে আমরা নই। তাদের রাজনৈতিক দল হিসেবে বিচারের মুখোমুখি করা হবে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আদালতই নির্ধারণ করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ।
জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই ৩৬ কোনো আকস্মিক ঘটনা নয়। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় এর সৃষ্টি হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিএনপির ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া মানুষের আত্মত্যাগের ধারাবাহিকতাতেই এই আন্দোলন গড়ে উঠেছে।
তিনি বলেন, কোনো আন্দোলনকে যখন নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পথে পরিচালিত হতে দেওয়া হয় না, তখনই তা সহিংস ও রক্তাক্ত রূপ নেয়। বাংলাদেশেও সেটিই ঘটেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে অর্জিত জুলাই গণঅভ্যুত্থানকে কোনো একক গোষ্ঠীর সম্পদ হিসেবে দেখলে চলবে না। জুলাই সবার। এই চেতনা ধরে রাখতে হবে।
তিনি অভিযোগ করেন, ১৯৭১ সালের চেতনাকে ব্যবহার করে শেখ হাসিনা ক্ষমতা ধরে রেখেছিলেন। তার ভাষায়, শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায় হয়েছে, আর দাফন হয়েছে দিল্লিতে।
জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সাংবিধানিক সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সংস্কার কমিশনের সুপারিশ ও রাজনৈতিক আলোচনার পাশাপাশি বাস্তব পরিবর্তনের জন্য সংসদে সংবিধানের ১৮তম সংশোধনী গ্রহণ করা প্রয়োজন। এটি শতাব্দীর অন্যতম ঐতিহাসিক সংশোধনী হতে পারে।
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, এমন একটি সংবিধান সংশোধনী আনা দরকার, যার মাধ্যমে দেশের দীর্ঘমেয়াদি আকাঙ্ক্ষা পূরণ হবে। গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করতে না পারলে ভবিষ্যতে এর দায় সবাইকে বহন করতে হবে।
এ সময় তিনি ইলিয়াস আলীসহ গুম হওয়া অসংখ্য মানুষের ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি গণভোটের গণরায় বাস্তবায়নে বিরোধী দলগুলোকে সংবিধান সংশোধন কমিটিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।



