নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নোবিপ্রবি শহিদ মুগ্ধ মেডিকেল সেন্টারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী সর্বপ্রথম রক্তদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে ধারণ করে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নোবিপ্রবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিসমূহে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ আয়োজনকে আরও প্রাণবন্ত করবে। এ সময় উপাচার্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির সফলতা কামনা করে আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরে বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য। এ সময় শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়ে উপাচার্য বলেন এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বলীয়ান হবে এবং চব্বিশের যে চেতনা তা বুকে ধারণ করবে।
কর্মসূচিসমূহের উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, চীফ মেডিকেল অফিসার (প্রশাসনিক) অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
প্রসঙ্গত, রক্তদান কর্মসূচিতে বিনামূল্যে ব্লাড গ্রুপ টেস্টিং এবং ব্লাড গ্লুকোজ টেস্টিংয়ের ব্যবস্থা করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে নোবিপ্রবি ব্লাড ব্রিগেড ও নোয়খালী ব্লাড ব্যাংক। অন্যদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নোবিপ্রবির শিক্ষার্থীদের নিয়ে তিনটি শাখায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।



