নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে সংযোজিত একটি দ্বিতল বিআরটিসি বাস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে নতুন সংযোজিত দ্বিতল বাসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য নোবিপ্রবি শিক্ষার্থীদের সুবিধার্থে বিআরটিসি বাস সংযোজনকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ ও নিরাপদ করে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পরিবহন পুলে নতুন এই বাস শিক্ষার্থীদের পরিবহন সংকটকে লাঘব করবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে স্বাচ্ছন্দ্যে শহরের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবে।
বক্তব্যে ক্যাম্পাসে একটি কার্যকর গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
এ সময় অন্যদেও মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসক ড. মো. মফিজুর রহমান, প্রকৌশলী মো. মাসুদ তালুকদারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।



