নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ব্যবসায়ী গুলিবিদ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেমকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন তার ঘনিষ্ঠ চৌমুহনী হকার্স মার্কেটের ব্যবসায়ী ইয়াছিন সেন্টু (৪৫)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে চৌমুহনী বাজারের হকার্স মার্কেটের মূল গলির একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিএনপি নেতা হাজী আবুল কাশেম রাজনীতির পাশাপাশি চৌমুহনী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার রাতে তিনি হকার্স মার্কেটের কার্যালয় থেকে বের হয়ে ব্যবসায়ী ইয়াছিন সেন্টুকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

পথে মার্কেটের মূল গলিতে একটি চায়ের দোকানের সামনে পৌঁছালে মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্ত আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় ইয়াছিন সেন্টু তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে একটি গুলি তার বুকের বাম পাশে লাগে। একই ঘটনায় আবুল কাশেমের হাতে গুলির আঁচড় লাগে।

স্থানীয়রা দ্রুত গুলিবিদ্ধ ইয়াছিন সেন্টুকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাজী আবুল কাশেমকে লক্ষ্য করেই দুর্বৃত্তরা গুলি চালিয়েছিল। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি ব্যবসায়ী ইয়াছিন সেন্টুর বুকের বাম পাশে লাগে।

তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments