বসুন্ধরায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ১৫ আগস্টকে কেন্দ্র করে শোক দিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিলের পরিকল্পনায় তারা ওই ফ্ল্যাটে সমবেত হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকের ২৮ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির গুলশান বিভাগের ভাটারা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ১৫ আগস্টের কর্মসূচি ও ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাদের কাছে প্ল্যাকার্ড ও ব্যানার ছিল এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযানের পর ঘটনাস্থল থেকে ৫৩ জনকে আটক করে থানায় নেওয়া হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করে জানান, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটগুলো নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে। বিশেষ করে বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

পুলিশের এ অভিযান এমন সময়ে হলো, যখন ১৫ আগস্টকে ঘিরে রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সম্ভাব্য কর্মসূচি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। এর আগে গত ২৭ জুলাইও বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments