রংপুর নগরীতে নিজ অটোরিকশা গ্যারেজ থেকে আব্দুর রহমান (৭০) নামে এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নগরীর আনছারী মোড় এলাকার গ্যারেজের ভেতর থেকে মাথায় আঘাতের চিহ্নসহ তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহমান আনছারী মোড় এলাকার মীর কাশেমের ছেলে। তিনি রাতে একাই অটোরিকশা চার্জ দেওয়ার জন্য গ্যারেজসংলগ্ন বাড়িতে অবস্থান করতেন।
তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম রফিক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা গ্যারেজের ভেতর থেকে বাইরে রক্ত বের হতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গ্যারেজের ভেতর থেকে আব্দুর রহমানের লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, গ্যারেজসংলগ্ন বাসায় থাকা আলমারি ও সিন্দুকের তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মধ্যরাতে দুর্বৃত্তরা গ্যারেজে প্রবেশ করে আব্দুর রহমানকে হত্যা করে লুটপাট চালিয়ে পালিয়ে গেছে।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে সিআইডি ও ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও তদন্ত শুরু করেছেন।
তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম রফিক বলেন, নিহতের পরিবারের অন্য সদস্যরা পার্শ্ববর্তী রবার্টসনগঞ্জ এলাকায় থাকেন। ফলে রাতে বাড়িতে আব্দুর রহমান একাই ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মধ্যরাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লুটপাট চালিয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



