উর্দুভাষী আটকে পড়া জনগোষ্ঠীর সাধারণ পুনর্বাসন কমিটি (এসপিজিআরসি) নেতা এম নাসিম খানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে এসপিজিআরসির নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে নগরীতে শোক র্যালি বের করেন। পরে রংপুর রেলওয়ে কবরস্থানে এম নাসিম খানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।
এ সময় এসপিজিআরসি পাকিস্তানের নেতা হুমায়ুন জাফর, এসপিজিআরসি কেন্দ্রীয় সভাপতি শওকত আলী ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঢাকা, রংপুর, চট্টগ্রাম, খুলনা, সিরাজগঞ্জ, গাইবান্ধাসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরাও নাসিম খানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পরে এম নাসিম খানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।
এসপিজিআরসি কেন্দ্রীয় সভাপতি শওকত আলী ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, মরহুম নাসিম খান ছিলেন একজন মানবিক নেতা। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যেকোনো প্রান্তে মানুষ নির্যাতিত ও বঞ্চিত হলে তিনি প্রতিবাদ জানাতেন এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন।
তারা বলেন, সারাদেশের ১৩টি জেলার ১৭টি ক্যাম্পে এসপিজিআরসির নেতাকর্মীরা এম নাসিম খানকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি যেভাবে নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, তারাও সেই পথ অনুসরণ করে এগিয়ে যেতে চান।



