নোবিপ্রবিতে মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক অংশীজন সভা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে ‘অধিকতর উন্নয়নে সম্ভাব্যতা সমীক্ষা ও মাস্টারপ্ল্যান প্রণয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত সুবিধা বিবেচনায় নিয়ে মাস্টারপ্ল্যানটি প্রণয়ন করা হচ্ছে। সবার মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য, কার্যকর ও আধুনিক মাস্টারপ্ল্যান তৈরির লক্ষ্যে কাজ চলছে।

তিনি বলেন, নোবিপ্রবিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রস্তাবিত মাস্টারপ্ল্যানে আগামী ৫০ বছরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রয়োজনের পাশাপাশি ভবিষ্যৎ সম্প্রসারণ ও উন্নয়নের বিষয়গুলোও এতে গুরুত্ব পাচ্ছে।

উপাচার্য আরও বলেন, একাডেমিক ভবন, গবেষণাগার, আবাসিক সুবিধা, যোগাযোগব্যবস্থা, খেলার মাঠসহ প্রয়োজনীয় অবকাঠামো সমন্বিত ও পরিবেশবান্ধব উপায়ে গড়ে তোলার বিষয়টি মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করা হচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টা ও পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করে নোবিপ্রবিকে একটি আধুনিক ও টেকসই বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন।

সভা সঞ্চালনা করেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের প্রধান প্রকৌশলী ও পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. জামাল হোসেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কনসালটেন্সি ফার্মের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments