কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যু

দুই পরিবারে শোকের ছায়া

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা খালাতো ভাই-বোন। এ ঘটনায় দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত শিশুরা হলো—চর বিষ্ণুপুর গ্রামের মমিনুর ইসলামের ছেলে সিয়াম (৮) এবং খামার গ্রামের দুলালের মেয়ে মোফাসসিরা (৭)। তারা পরিবারের সঙ্গে ঢলুয়াবাড়ী গ্রামের নানী লতিফা খাতুনের বাড়িতে বেড়াতে এসেছিল।

নিহত দুই শিশুর জ্যাঠা আবু বক্কর জানান, সোমবার সকাল ১১টার দিকে সিয়াম ও মোফাসসিরাসহ প্রতিবেশী আরও এক শিশু ছেঁড়া মশারি দিয়ে জাল তৈরি করে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে নামে। একপর্যায়ে সিয়াম ও মোফাসসিরা পানিতে ডুবে যায়। এ সময় সঙ্গে থাকা প্রতিবেশী শিশুটি বিষয়টি কাউকে না জানিয়ে বাড়িতে চলে যায়।

পরে দুপুর ১টার দিকে স্থানীয় কয়েকজন পুকুরে সিয়ামের মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে নেমে প্রথমে সিয়ামের মরদেহ উদ্ধার করেন। এরপর পানিতে তল্লাশি চালিয়ে মোফাসসিরার মরদেহও উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments