নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এক প্রবাসীর বসতঘর থেকে একটি রিভলবার, এক রাউন্ড গুলি ও দুটি ধারালো ছুরি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. জাবেদ হোসেন (৩২) নামে এক কাতারপ্রবাসী যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে বিষ্ণুপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় জাবেদ হোসেনের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি রিভলবার, এক রাউন্ড গুলি ও দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাবেদ হোসেন বিষ্ণুপুর গ্রামের কালা মিয়ার বাড়ির মো. সিরাজ উদ্দিন মিন্টুর ছেলে। তিনি কাতারপ্রবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে তিনি দেশে ফিরেছেন এবং আরও দুই মাস পর তার বিদেশে যাওয়ার কথা রয়েছে।
জাবেদকে গ্রেপ্তারের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর বক্তব্য নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন সোহেল বলেন, ‘জাবেদ কাতারপ্রবাসী। প্রায় এক মাস আগে দেশে ফিরেছেন। এলাকার মানুষ তাকে নম্র ও ভদ্র হিসেবেই চেনে। তার পরিবারও অরাজনৈতিক হিসেবে পরিচিত। তারা কোনো ঝামেলায় জড়ায় না।’
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নবীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আমিন উল্যাহ বিএসসি বলেন, ‘জাবেদ ও তার পরিবারকে আমরা ভালো হিসেবেই জানি। ছেলেটি কখনো কোনো সংঘাত বা সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিল বলে আমাদের জানা নেই। তাই পুরো বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত হওয়া প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর কথা বলা হয়েছে। তবে ওই তথ্যের উৎস ও ঘটনার প্রকৃত বিষয়টি তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া দরকার।’
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাবেদের বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি অস্ত্র, এক রাউন্ড গুলি ও দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার জাবেদ হোসেনকে সোমবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, স্থানীয়দের পক্ষ থেকে যেসব অভিযোগ বা বক্তব্য দেওয়া হয়েছে, সেগুলোও সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করা হবে।



