কোস্ট গার্ডের মহাপরিচালকের দায়িত্ব নিলেন রিয়ার এডমিরাল মঈনুল হাসান

বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার এডমিরাল মোঃ মঈনুল হাসান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। তিনি পূর্বতন মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হকের স্থলাভিষিক্ত হয়েছেন।

দায়িত্বভার গ্রহণ উপলক্ষে কোস্ট গার্ড সদর দপ্তরে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত মহাপরিচালক দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ বইতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিয়ার এডমিরাল মোঃ মঈনুল হাসান ১৯৮৯ সালের ১ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। ১৯৯২ সালের ১ জানুয়ারি নৌবাহিনীর নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা গ্রহণ করেন। মিরপুরের প্রতিরক্ষা সেবা কমান্ড ও স্টাফ কলেজ এবং জাতীয় প্রতিরক্ষা কলেজের কৃতী শিক্ষার্থী তিনি। ভারতের ওয়েলিংটনের প্রতিরক্ষা সেবা স্টাফ কলেজ থেকেও প্রশিক্ষণ গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের নৌযুদ্ধ কলেজ থেকে নৌ কমান্ড কলেজ কোর্স সম্পন্ন করেন।

তার শিক্ষাগত যোগ্যতার মধ্যে বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রতিরক্ষা বিষয়ে স্নাতকোত্তর এবং ভারতের তামিলনাড়ু বিশ্ববিদ্যালয় থেকে কৌশলগত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি উল্লেখযোগ্য। তিনি সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকেও জ্যেষ্ঠ কর্মকর্তা প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন। বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে পিএইচডি করছেন।

বর্ণাঢ্য কর্মজীবনে রিয়ার এডমিরাল মঈনুল হাসান নৌবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, প্রশাসনিক ও নেতৃত্বের দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার এবং বাংলাদেশ নৌবহরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। নৌবাহিনীর প্রশিক্ষণ ও রণকৌশল কমান্ডের প্রথম কমান্ড্যান্ট এবং নৌ বিমান শাখার কমোডর হিসেবেও দায়িত্ব পালন করেন।

সমুদ্রগামী দায়িত্বে তিনি একটি রণতরী, দুটি উপকূলীয় টহল জাহাজ, তিনটি দ্রুতগামী আক্রমণযান এবং একটি ক্ষেপণাস্ত্রবাহী নৌযানের অধিনায়কত্ব করেছেন। নৌবাহিনীর নৌ বিমান শাখার উড্ডয়ন শাখার অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া নেভিগেশন স্কুলের প্রশিক্ষক এবং প্রতিরক্ষা সেবা কমান্ড ও স্টাফ কলেজের নৌ শাখায় নির্দেশক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নৌ সদর দপ্তরে তিনি নৌ পরিকল্পনা, নৌ বিমান চলাচল ও নৌ সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কোস্ট গার্ডের উপমহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক অঙ্গনেও তার অভিজ্ঞতা রয়েছে। ২০০৭-২০০৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সামরিক পর্যবেক্ষক হিসেবে আইভরি কোস্টে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সামরিক মহড়া, সম্মেলন ও সেমিনারে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধিত্ব করেছেন।

পেশাগত দায়িত্বে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রিয়ার এডমিরাল মোঃ মঈনুল হাসান নৌবাহিনী পদক, বিশিষ্ট সেবা পদক এবং বাংলাদেশ কোস্ট গার্ড পদক লাভ করেন।

নবনিযুক্ত মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাগত সক্ষমতা আরও সুদৃঢ় ও আধুনিক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে দেশের সমুদ্রসীমা, উপকূলীয় ও নদীবেষ্টিত অঞ্চলের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে বাহিনীর কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments