সেনবাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেধা উৎসব ২০২৬’

সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা

মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়া, তাদের বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করা এবং শিক্ষাঙ্গনে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরির লক্ষ্যে নোয়াখালীর সেনবাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেধা উৎসব ২০২৬’। উপজেলার অর্জুনতলায় সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্যকেও বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হবে।

আগামী রবিবার অনুষ্ঠিত হবে এবারের ‘মেধা উৎসব’। গত বছর প্রথমবারের মতো আয়োজিত এ উৎসব সেনবাগের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শিক্ষানুরাগীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে। মেধাবী শিক্ষার্থীদের সাফল্যকে সম্মান জানানো এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা দেওয়াই ছিল ওই আয়োজনের মূল উদ্দেশ্য। এরই ধারাবাহিকতায় এবার আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা হচ্ছে মেধা উৎসব।

আয়োজক সূত্রে জানা গেছে, এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা-২০২৬-এ সেনবাগের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গড় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত একজন ছাত্র ও একজন ছাত্রীকে বিশেষ স্বীকৃতি হিসেবে ‘গোল্ড মেডেল’ প্রদান করা হবে।

শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এবারের আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত অর্জনকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সর্বোচ্চ পাশের হার অর্জনকারী একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বোচ্চ সংখ্যক এ প্লাস অর্জনকারী একটি শিক্ষা প্রতিষ্ঠানকে বিশেষ পুরস্কার দিয়ে সম্মানিত করা হবে।

ফলে এবারের ‘মেধা উৎসব’-এ শিক্ষার্থীর ব্যক্তিগত মেধা ও সাফল্যের পাশাপাশি একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক অর্জনও স্বীকৃতি পাওয়ার সুযোগ থাকছে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য উৎসাহিত করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মানসম্মত শিক্ষা ও ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরি করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ স্বীকৃতি তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।

পুরস্কার ও সম্মাননা প্রদান পর্বের পাশাপাশি উৎসবে দর্শনার্থী, শিক্ষার্থী ও অতিথিদের জন্য থাকবে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান।

সৈয়দ হারুন ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেধাকে উৎসাহিত করা, সাফল্যকে মর্যাদা দেওয়া এবং শিক্ষাঙ্গনে ইতিবাচক প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই ‘মেধা উৎসব’-এর মূল লক্ষ্য। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অর্জনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এবারের আয়োজনকে আরও অর্থবহ ও বিস্তৃত করা হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, সেনবাগের শিক্ষাক্ষেত্রে মেধা ও সাফল্যের এই ধারাবাহিক উদযাপন ভবিষ্যতে আরও বড় পরিসরে অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments