রংপুরে জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নগরীর সিটি পার্ক মার্কেট প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সভাপতি হাফেজ মাওলানা আবদুর রহমান কাসেমীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা সভাপতি গোলাম মোস্তফা বাবু, সাংগঠনিক সম্পাদক মুফতি লিয়াকত বিন সিদ্দিক, মহানগর সেক্রেটারি মাহমুদুর রহমান রিপন সরকার, সহসভাপতি মুফতি সাহেল উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, দেশে জ্বালানি ও বিদ্যুতের সংকট চরম আকার ধারণ করেছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবনে অস্বস্তি বেড়েছে। বিদ্যুৎ সংকটের প্রভাবে ছোট ছোট অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। কর্মসংস্থান সংকটও তীব্র হচ্ছে।
তারা বলেন, বর্তমান সরকার নির্বাচনের আগে দেশের বেকার সমস্যা দূর করার অঙ্গীকার করেছিল। কিন্তু জ্বালানি ও গ্যাসের সংকটের কারণে দেশে বিপুলসংখ্যক মানুষ বেকার হয়ে পড়েছেন। এর ফলে অপরাধপ্রবণতা বাড়ছে বলেও তারা দাবি করেন।
বক্তারা আরও বলেন, একটি রাজনৈতিক দল জ্বালানি ও গ্যাস সংকটের প্রতিবাদে লংমার্চ করে দেশের সম্পদ ও জ্বালানি অপচয় করছে। অথচ সংসদে তারা সরকারি দলের বিরুদ্ধে কার্যকর কোনো কথা বলছে না বলেও অভিযোগ করেন তারা।
সমাবেশে বক্তারা সরকারি সম্পত্তি বণ্টনসংক্রান্ত একটি আইন পাসেরও সমালোচনা করেন। তাদের দাবি, আইনটি ইসলামী শরিয়াহর সঙ্গে সাংঘর্ষিক। তারা বলেন, ৯২ শতাংশ মুসলমানের দেশে শরিয়াহবিরোধী কোনো আইন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারিও দেন তারা।
সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সিটি পার্ক মার্কেট থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা জ্বালানি ও গ্যাস সংকট নিরসনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে ইসলামী শরিয়াহবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।



