বরখাস্ত বিচারকের বিরুদ্ধে মার্কেটের ১০০ দোকান দখলের চেষ্টার অভিযোগ

সাময়িক বরখাস্ত হওয়া বিচারক মো. আরিফুল ইসলাম সোহেলের বিরুদ্ধে গাজীপুরের চান্দনা চৌরাস্তার হাজী হোসেন পাইকারি মার্কেটের ১০০টি দোকান ও একটি গার্মেন্টস কারখানা দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। এ ছাড়া ব্যবসায়ীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং মার্কেটের মালিককে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এসব ঘটনায় বিচারকের স্ত্রী মোশাররেফা মোহাম্মদ রীমের পরিবারের সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত বলে দাবি ব্যবসায়ীদের।

মিথ্যা মামলা প্রত্যাহার, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এ জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, আইজিপিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ীরা।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন হাজী হোসেন পাইকারি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী আবুল কালাম আজাদ। এ সময় সমিতির সহসভাপতি নাসিরউদ্দিন খান, আ. লতিফ মৃধা, আব্দুর রউফ ও দপ্তর সম্পাদক মো. কাউসারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে কাজী আবুল কালাম আজাদ বলেন, মার্কেটের মালিকানা নিয়ে বিরোধের জেরে আরিফুল ইসলাম তাঁর স্ত্রীর পক্ষে একাধিকবার দোকান দখলের চেষ্টা করেন। ব্যবসায়ীদের জামানতের টাকা ফেরত না দিয়েই নতুন ব্যবসায়ীদের কাছে দোকান বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এর প্রতিবাদ করায় তাঁদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একের পর এক মামলা করা হয়েছে। চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, গাজীপুর ও যশোরে চাঁদাবাজি, মানবপাচার, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মতো অভিযোগে এসব মামলা করা হয়। এর মধ্যে কয়েকটি মামলার নিষ্পত্তি তাদের পক্ষে হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ২০২৬ সালের ৫ জুলাই যশোরের কোতোয়ালি থানায় তাদের একজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়। অথচ এর আগের দিন ৪ জুলাই স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমানের উপস্থিতিতে শত শত মানুষের অংশগ্রহণে মার্কেটের বিরোধ নিষ্পত্তিতে আপস-মীমাংসার বৈঠক হয়েছিল। ওই বৈঠকের সিসিটিভি ফুটেজও রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা চ্যানেল ২৪-কে বাদীকে খুঁজে না পাওয়ার কথা জানিয়েছেন এবং জমিজমার বিরোধের সূত্র ধরে মামলাটি হয়েছে বলে উল্লেখ করেছেন বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের ওপর হামলার অভিযোগও তুলে ধরা হয়। তাদের দাবি, মার্কেটের একাংশ দখলে বাধা দেওয়ায় কয়েকজন ব্যবসায়ীকে মারধর করা হয়। এতে কয়েকজন আহত হন। এক নারী ব্যবসায়ীকে জোর করে মার্কেট থেকে বের করে দেওয়ার ভিডিও ফুটেজও তাদের কাছে রয়েছে বলে জানান তারা।

সর্বশেষ গত ৯ নভেম্বর নম্বরপ্লেটবিহীন একটি মাইক্রোবাসে করে মার্কেটের মালিক তৌহিদুল ইসলাম মুজিদকে তুলে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। তাকে না পেয়ে তার বাসার কেয়ারটেকারকে গাড়িতে তুলে কয়েক ঘণ্টা বিভিন্ন স্থানে ঘোরানোর পর ছেড়ে দেওয়া হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

কাজী আবুল কালাম আজাদ অভিযোগ করেন, আরিফুল ইসলামের স্ত্রীর নামে প্রকাশিত ‘আলোকিত স্বদেশ’ পত্রিকাটি ব্যবহার করে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। মার্কেটের বিরোধ নিয়ে টেলিভিশনে প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিকদের বিরুদ্ধেও কুৎসা ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি জানান, এসব ঘটনায় থানা-পুলিশ, জেলা প্রশাসন, আইন মন্ত্রণালয় ও প্রধান বিচারপতির কাছে একাধিকবার লিখিত অভিযোগ এবং সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিচারকের বিরুদ্ধে চলমান তদন্ত দ্রুত শেষ করে অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments