সেনাবাহিনীতে তিন ব্রিগেডিয়ার জেনারেলের পদোন্নতি, শীর্ষ পর্যায়ে রদবদল

বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। এর অংশ হিসেবে তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে সাতজন মেজর জেনারেলকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সেনাবাহিনীর এই পদোন্নতি ও পদায়নের তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

পদোন্নতি পাওয়া তিন কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম আব্দুল বাতিন ইমানি, ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেল হোসাইন এবং ব্রিগেডিয়ার জেনারেল রাজু। পদোন্নতির পর তাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে (ডিজিএফআই) দায়িত্ব পালন করা ব্রিগেডিয়ার জেনারেল ইমানিকে ১১ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সংস্থায় দায়িত্ব পালন করা মেজর জেনারেল মোজাম্মেল হোসাইনকে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। অন্যদিকে, সশস্ত্র বাহিনী বিভাগে (এএফডি) কর্মরত মেজর জেনারেল রাজুকে জাতীয় প্রতিরক্ষা কলেজের (এনডিসি) সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে পদায়নের অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতারেব সাজ্জাদ মাহমুদকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদুল আহমেদ।

বিপসটের বিদায়ী কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া জাতীয় প্রতিরক্ষা কলেজে দায়িত্ব পালন করা মেজর জেনারেল মো. সাজেদুর রহমানকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ওই ডিভিশনের বিদায়ী জিওসি মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসানকে ৫৫ পদাতিক ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে।

৫৫ পদাতিক ডিভিশনের বিদায়ী জিওসি মেজর জেনারেল মো. হাফিজুর রহমান এবং ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদাতিক ডিভিশন, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থার নেতৃত্বে এ পরিবর্তনকে ঊর্ধ্বতন পর্যায়ের বড় ধরনের পুনর্বিন্যাস হিসেবে দেখা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments