নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৬১৫ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুর আড়াইটায় সুবর্ণচর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ২০টি উপজেলায় মোট ১০ হাজার উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এর অংশ হিসেবে সুবর্ণচর উপজেলায় ৬১৫ জন সুবিধাভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।
বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন সেবা ও সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা সরকারের জনকল্যাণমুখী কর্মসূচির সুফল সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপকারভোগীদের সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয় এবং তাদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়।



