রংপুরে বৃদ্ধ হত্যা মামলায় অভিযুক্ত পলাতক রাসেল মিয়াকে (২৮) গ্রেফতার করেছে র্যাব। বুধবার সন্ধ্যায় রংপুর ও কুমিল্লা র্যাবের যৌথ অভিযানে কুমিল্লা কোতয়ালী থানার দক্ষিণ চরথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাসেল মিয়া রংপুর সদর উপজেলার হরিদেবপুর দোলাপাড়ার আবেদ আলীর ছেলে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, চলতি বছরের ২৬ এপ্রিল আবু বক্কর (৬৫) রাতে তার নির্মাণাধীন বাড়িতে ঘুমাতে যান। পরের দিন সকাল ৯টা পর্যন্ত তিনি বাড়িতে ফিরে না আসলে ছেলে আব্দুস সালাম তাকে খুঁজতে যায়। নির্মাণাধীন ওই বাড়িতে গিয়ে আব্দুস সালাম তার বাবাকে গলাকাটা রক্তাত্ব অবস্থায় দেখতে পান এবং দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু বক্কর জানান, মামলায় অভিযুক্ত রাসেল মিয়াসহ অন্যরা জানালা দিয়ে ঘরের ভেতরে ঢুকে তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
এ ঘটনায় ছেলে আব্দুস সালাম বাদী হয়ে পহেলা মে সদর কোতয়ালী থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ২০ মে বিকেলে আবু বক্কর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে মামলাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরী হয়।
বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার কুমিল্লা থেকে মামলার অভিযুক্ত রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়। রাসেল মিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।



