শিশুদের সৃজনশীলতা বিকাশে শিল্পচর্চার বিকল্প নেই: মেয়র শাহাদাত

২৭তম রাফি স্মৃতি আর্ট কম্পিটিশনে ৫ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে শিল্পচর্চার কোনো বিকল্প নেই। চিত্রাঙ্কনের মতো সৃজনশীল কর্মকাণ্ড শিশুদের মননশীলতা বিকাশের পাশাপাশি তাদের মানবিক ও নান্দনিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, রাফি স্মৃতি আর্ট কম্পিটিশনের মতো আয়োজন শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করছে, যা অত্যন্ত প্রশংসনীয়।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে নগরীর নবাব সিরাজউদ্দৌলা রোডের সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ২৭তম রাফি স্মৃতি আর্ট কম্পিটিশন-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোটারি ক্লাব অব ইসলামাবাদ, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় চট্টগ্রাম নগরী ও আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। বয়স ও শ্রেণিভিত্তিক ক, খ ও গ—এই তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রোটারি ক্লাব অব ইসলামাবাদ, চট্টগ্রামের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান ওসমান গণি মনসুরের প্রয়াত পুত্র রাফির স্মরণে প্রতিবছর এ আয়োজন করা হয়। শিশু-কিশোরদের শিল্পচর্চা ও সৃজনশীলতায় উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রোটারিয়ান ওসমান গণি মনসুরও উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোর ইনস্টিটিউট অব ফাইন আর্টসের সহযোগী অধ্যাপক হাইদারি আন্দালুসিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব ইসলামাবাদ, চট্টগ্রামের সভাপতি রোটারিয়ান মো. সেলিম রেজা সাগর।

এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, রোটারি ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ক্যাপ্টেন ওস্তাদ আজিজুল ইসলাম, শফিকুল আলম খান, ইসহাক চৌধুরী ও মাহফুজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের রোটারিয়ানরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা রং-তুলির মাধ্যমে তাদের কল্পনা, সৃজনশীলতা ও শিল্পভাবনা ফুটিয়ে তোলে। প্রতিটি বিভাগে তিনজন করে গ্র্যান্ড পুরস্কার এবং ১০ জন করে বিশেষ পুরস্কার দেওয়া হয়। বিজয়ীদের ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজবন্ড প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী ৪৫০ জন শিক্ষার্থীকে সনদপত্র ও সৌজন্য পুরস্কার দেওয়া হয়।

প্রধান বিচারক হাইদারি আন্দালুসিয়া প্রতিযোগীদের শিল্পকর্মের প্রশংসা করে শিশুদের নিয়মিত শিল্পচর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে রোটারিয়ান মো. সেলিম রেজা সাগর বলেন, শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশ এবং শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ ভবিষ্যতে আরও বড় পরিসরে এ প্রতিযোগিতা আয়োজনের অনুপ্রেরণা জোগাবে।

আয়োজকেরা জানান, দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসা রাফি স্মৃতি আর্ট কম্পিটিশন রোটারি ক্লাব অব ইসলামাবাদ, চট্টগ্রামের অন্যতম নিয়মিত বার্ষিক আয়োজন। শিশুদের সৃজনশীল বিকাশে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

সর্বাধিক পঠিত

Recent Comments